শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে আজ জাতিসংঘ দিবস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ০১:১৬:১৭ অপরাহ্ন

বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে আজ জাতিসংঘ দিবস


আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত জাতিসংঘ ৮১ বছরে পদার্পণ করেছে।

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং লিগ অব নেশনসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যুদ্ধ প্রতিরোধ ও বিশ্বশান্তি নিশ্চিত করার উদ্দেশ্যে গড়ে তোলা হয় এই আন্তর্জাতিক সংস্থা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। সংস্থাটির নামকরণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বর্তমানে জাতিসংঘের সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩। সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন মহাসচিব। বর্তমানে এ পদে রয়েছেন পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।

স্বাধীনতার পর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে জাতিসংঘের সদস্যপদ অর্জনের উদ্যোগ নেয় বাংলাদেশ। এর ধারাবাহিকতায় ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় দেশটি।

সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশ বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে। জাতিসংঘের কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক উন্নয়নে অবদান রাখার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর