শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শতাব্দী পেরিয়েও প্রাসঙ্গিক ‘সুলতানার স্বপ্ন’, তরুণদের নিয়ে পাঠচক্র

বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে সৃজনশীল অনুভূতি প্রকাশ ও বই বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ১২:৩৯:০৪ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে সৃজনশীল অনুভূতি প্রকাশ ও বই বিতরণ


বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ প্রকাশের শতবর্ষ পেরিয়েও সমসাময়িক সমাজে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয়েছে। এ উপলক্ষে তরুণ পাঠক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল অনুভূতি প্রকাশ, পাঠ প্রতিক্রিয়া এবং বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে এবং বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের আয়োজনে সনাতন-দীননাথ পাঠকক্ষে ‘সুলতানার স্বপ্ন: শতাব্দী পেরিয়ে আজকের পাঠ’ শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শুভাশিস চক্রবর্তী বলেন, ১৯০৫ সালে রচিত ‘সুলতানার স্বপ্ন’ শুধু একটি গল্প নয়; এটি বিজ্ঞানমনস্কতা, পরিবেশবান্ধব উন্নয়ন ও জেন্ডার সমতার একটি দূরদর্শী রূপরেখা। শত বছর আগে বেগম রোকেয়া সৌরশক্তির ব্যবহার, আকাশযান এবং যুদ্ধের বিকল্প হিসেবে জ্ঞান ও বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত ‘ল্যাডিল্যান্ড’ বা নারীস্থানের যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা বর্তমান জলবায়ু সংকট ও যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘সুলতানার স্বপ্ন পড়ো’ শিরোনামে নিজেদের অনুভূতি তুলে ধরেন তরুণ পাঠক ও শিক্ষার্থীরা। তাঁদের পাঠ প্রতিক্রিয়ায় উঠে আসে, বেগম রোকেয়ার এই সাহিত্যকর্ম এখনো অবরুদ্ধতার শেকল ভেঙে মানবিক ও সাম্যবাদী পৃথিবী গড়ার অনুপ্রেরণা জোগায়।

সভাপতির বক্তব্যে রত্নদীপ দাস রাজু বলেন, নতুন প্রজন্মের কাছে এই দূরদর্শী সাহিত্যকর্মের বার্তা পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার যৌথভাবে এ পাঠচক্রের আয়োজন করেছে। বিজ্ঞান ও শিক্ষার আলোয় সমাজ থেকে অন্ধকার দূর করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন তরুণ সমাজকর্মী বিশ্বজিৎ দাশ নারায়ণ, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সদস্য জনি দাশ, পাঠক ফোরামের সহ-সভাপতি সজীব দাশ, সাংগঠনিক সম্পাদক তীর্থ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ এবং দপ্তর সম্পাদক রুদ্র কিশোর দাশ প্রান্ত।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পাঠক এবং ছাত্র ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণ পাঠকদের মধ্যে ‘সুলতানার স্বপ্ন’ বই বিতরণ করা হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর