অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোয়াইনঘাটে পেলোডার চাপায় পারভেজ আহমদ (২৭ নামের) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত পারভেজ আহমেদ ছৈলাখেল অষ্টম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।
রবিবার (১১ জানুয়ারি) ভোরে গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গোয়াইনঘাট থানাধীন ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন একটি পেলোডার দিয়ে নদীসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় যন্ত্রটির চাকায় চাপা পড়ে পারভেজ ঘটনাস্থলেই মারা যান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/এএসআর
গোয়াইনঘাট প্রতিনিধি 








