সিলেটের শাহপরাণ থানার বটেশ্বর সিলেট-তামাবিল সড়কে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা সবাই চোরাকারবারী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার সদর থানার শিবপুরের মৃত আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হোসেন (২৯), হবিগঞ্জ সদর থানাধীন শায়েস্তানগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে মো. জনি মিয়া (২২) ও নরসিংদী সদর থানার নাগরিয়া এলাকার আমজাদ হোসেন ও লাইলী বেগমের ছেলে মো. আসিফ মিয়া (২০)।
সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ১২১ পিস কম্বল জব্দ করা হয়েছে যার বাজারমূল্য ৪ লাখ ৮৪ হাজার টাকা।
তাদের বিরুদ্ধে শাহপরান থানায় মামলাদায়ের (নং ০৭/১২/০১/২৬) করে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আজকেরসিলেট/এএসআর
নিজস্ব প্রতিবেদক 








