মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নানকে গ্রামের বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন এলাকাবাসী ও কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার সকাল থেকে জেলার রাজনগর উপজেলার দত্তগ্রামে নিজ বাড়িতে তাকে অবরোধ করে রাখা হয়েছে।
জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের ছেলে ডা. তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে চূড়ান্ত করা হয়। এরপর স্থানীয় জামায়াতের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একটা পক্ষ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না। আব্দুল মন্নান যেন মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন, এজন্য সকাল থেকেই স্থানীয় এলাকাবাসী ও কর্মী-সমর্থকরা আব্দুল মান্নানের নিজ বাড়িতে তাকে অবরোধ করে রাখেন।
কয়েকজন অবরোধকারী বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল মন্নানের সঙ্গে কাজ করেছি। তিনি এখন নির্বাচন না করলে আমরা কাকে ভোট দেবো। এজন্য অবরোধ করে রেখেছি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন।
জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের ছেলে ডা. তানভীর বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে নির্বাচনকে সামনে রেখে স্থানীয় এলাকাবাসী ও কর্মীদের নিয়ে কাজ করছেন। তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন এজন্য সকাল থেকে বাড়িতে সাধারণ মানুষ এসে বাবাকে অবরোধ করে রেখেছেন। তবে এখানে জামায়াতের কোনো নেতা নেই। সবাই আমাদের এলাকাবাসী ও আমার বাবার কর্মী-সমর্থকরা।
তিনি আরও বলেন, দীর্ঘ দেড়বছর ধরে নির্বাচনকে সামনে রেখে মাঠেঘাটে ঘুরে বেরিয়েছেন। এসময় সাধারণ মানুষ ব্যাপক সমর্থন করেছেন। বাবা যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন এজন্য বাড়িতে সবাই অবরোধ করছেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








