গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (৬ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষর করা পৃথক দুটি বার্তায় এ সিদ্ধান্ত জানানো হয়। দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে বার্তা দুটি প্রকাশ করা হয়েছে।
এহসান জাকারিয়ার বহিষ্কারসংক্রান্ত বার্তায় বলা হয়, তাঁর বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, তামিম আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপনের কথা জানানো হয়েছে পৃথক বার্তায়। অভিযোগের গুরুত্ব এবং সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে তাঁকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তামিম আহমেদকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে দেওয়া উভয় বার্তায় বলা হয়েছে, বহিষ্কারের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আজকের সিলেট/ জেকেএস
মৌলভীবাজার প্রতিনিধি 








