চুনারুঘাটে বাঁশঝাড়ে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২১ PM

চুনারুঘাটে বাঁশঝাড়ে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৪:০৭:৫৮ PM

চুনারুঘাটে বাঁশঝাড়ে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার


হবিগঞ্জের চুনারুঘাটে মাদক কেনাবেচার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঁশঝাড় থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-৯। অস্ত্রটির সঙ্গে একটি ম্যাগাজিনও পাওয়া গেছে। তবে অভিযানের সময় এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, চুনারুঘাট থানার বৈরাগী টিলার পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে। একপর্যায়ে বৈরাগী টিলার পাশের একটি বাঁশঝাড়ের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি প্যাকেট পাওয়া যায়।

তল্লাশি করে সেখান থেকে ম্যাগাজিনসহ ৭.৬৫ এমএম মডেলের একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই স্থান থেকে উদ্ধার করা হয় ওই মডেলের বিদেশি পিস্তলের দুই রাউন্ড গুলি।

এসআরবি-৯ জানায়, উদ্ধার করা পিস্তলটির গায়ে ‘ASUPER UNIVERSEL MADE IN ITALY-026M KLR NO-11011’ লেখা রয়েছে।

অভিযান চলাকালে অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্রগুলোর মালিকানা ও এগুলো সেখানে কীভাবে এল, তা জানতে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জিডিমূলে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর