সিলেট মহানগরীতে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৬১ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি কিশোর গ্যাং দমন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
এসএমপি সূত্রে জানা গেছে, অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৬১ জন আসামিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
থানাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১৮ জনকে আটক করা হয়েছে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে। এছাড়া জালালাবাদ থানা থেকে ৭ জন, এয়ারপোর্ট থানা থেকে ১১ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ৮ জন, মোগলাবাজার থানা থেকে ৫ জন এবং শাহপরাণ (রহ.) থানা থেকে ১২ জনকে আটক করা হয়।
সব মিলিয়ে অভিযানে আটক হয়েছেন ৬১ জন।
এসএমপি জানিয়েছে, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস









