জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, আমরা দেখছি একটি দল হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠছে। গতকাল আমরা সন্ত্রাস দেখেছি। আমাদের শরিক দল জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হামলা-মামলা ও সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডের পেট্রোল পাম্পের সামনে ১১ দলীয় জোটের মৌলভীবাজার-৪ আসনের মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে, এবার সবাই ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য একতাবদ্ধ। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না। আমরা নিশ্চয়তা দিচ্ছি যে, ভোটের দিন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে আপনারা ভোট দিতে পারবেন। সেটি নিশ্চিত করার জন্য ১১ দলীয় জোট মাঠে উপস্থিত থাকবে।’
তিনি আরো বলেন, “আমরা দেখেছি, ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তারা বলছেন আজ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তবে কাল আমাদেরও যে নিষিদ্ধ করা হবে না, তার নিশ্চয়তা কোথায়? যদি কেউ অপরাধ করে এবং তার ফাঁসির রায়ের ক্ষেত্রে কেউ বলে আজ একে ফাঁসি দিলে কাল আমাকে দেওয়া হবে না তার গ্যারান্টি কী, তার মানে আপনারাও অপরাধ করতে চান! অর্থাৎ, জুলাই মাসে যে গণহত্যা চালানো হয়েছে, তা পুনরায় করার চিন্তা আপনাদের মাথায় রয়েছে।’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করলে চা-শ্রমিক ও স্থানীয় মেহনতি মানুষের ভূমির অধিকার আমরা ফিরিয়ে দেব। বাংলাদেশের জনগণ এবারের নির্বাচনে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে এবং যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় বা তার চলে যাওয়ায় ব্যথিত, তাদের বিরুদ্ধে গণঅধিকার প্রয়োগ করবে।’
চা-শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে আপনাদের মজুরি বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কাজ করব। যারা এই উর্বর মাটি থেকে চা উৎপাদন করে তা বিশ্বজুড়ে পৌঁছে দিচ্ছে, সেই মাটির সন্তানদের ভূমির অধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’
গণভোটের প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘এবারের নির্বাচন আমাদের ভাগ্য পরিবর্তনের এবং বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার নির্বাচন। আমরা বিশ্বাস করি, আপনারা বিপুল উৎসাহে এই পরিবর্তনের পক্ষে রায় দেবেন।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক এবং জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রীতম দাশ প্রমুখ।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








