মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ, ট্রাকসহ সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ PM

মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ, ট্রাকসহ সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ১২:৩২:৫৬ PM

মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ, ট্রাকসহ সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ


কাস্টমসের নথিপত্র স্ক্যান করে তৈরি করা হয়েছিল ভুয়া ‘বিল অব এন্ট্রি’ ও চালানপত্র। সেই জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ৯ হাজার কেজি ভারতীয় জিরা বোঝাই একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জের মাধবপুরে জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ টাকা। ট্রাকটির মূল্য ধরা হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা চালানের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা। সোমবার (৫ অক্টোবর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা একটি ট্রাকে করে ঢাকার দিকে পাচার হতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে বিজিবির তৎপরতা টের পেয়ে চালক ট্রাকটি তল্লাশি চৌকি থেকে প্রায় ৫০০ গজ দূরে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ৩০০টি বস্তায় ভর্তি ৯ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকটির ড্যাশবোর্ড থেকে পাওয়া যায় কাস্টমসের নথিপত্র স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ‘বিল অব এন্ট্রি’ ও চালানপত্রের কপি। পরে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নথিগুলো যাচাই করা হলে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালান ঠেকাতে শুধু সীমান্ত এলাকাতেই নয়, সীমান্তের সঙ্গে সংযুক্ত সড়কগুলোতেও বিজিবির গোয়েন্দা নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকি দেওয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধার করা ভারতীয় জিরা ও ট্রাকটি আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর