সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক সন্দীপ চক্রবর্ত্তী শুভ জাতীয় গণমাধ্যম এখন টেলিভিশন-এর সিলেট ব্যুরোর রিপোর্টার।
তিনি জানান, আজ ২১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিট থেকে ১০টার মধ্যে পেশাগত দায়িত্ব পালনকালে এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময় তার ব্যবহৃত স্মার্টফোনটি চুরি হয়।
উল্লেখ্য,চুরি হওয়া ফোনটি Redmi Note 11 মডেলের। ওই ফোনে তার পেশাগত কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিওসহ বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষিত ছিল। এছাড়া ব্যক্তিগত ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও ফোনটিতে লগইন করা ছিল। একই সঙ্গে বিকাশ ও নগদের মতো আর্থিক সেবার অ্যাপ থাকায় তিনি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা সূত্র জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী সাংবাদিক দ্রুত মোবাইল ফোনটি উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেছেন।
আজকের সিলেট/এপি









