জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় চা-বাগান কর্মকর্তার মৃত্যু
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩০ AM

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় চা-বাগান কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ০৯:৫৪:৪৯ PM

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় চা-বাগান কর্মকর্তার মৃত্যু


জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় হাবিবনগর চা বাগানের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার মো. আবু সুফিয়ান মোল্লা (৬০) নিহত হয়েছেন। নিহত আবু সুফিয়ান মোল্লা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মৃত সৈয়দ আহমদ মোল্লার পুত্র। 

বুধবার বিকেলে গরুর ঘাস নিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৪টার দিকে আবু সুফিয়ান মোল্লা হাওর থেকে পাওয়ার টিলার ট্রলিতে করে গরুর ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া তুন্দুর এলাকায় হাবিবনগর চা বাগান বাংলোর সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৫২০৯) তার ট্রলিকে সজোরে ধাক্কা দেয়।  ট্রলিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

আবু সুফিয়ান মোল্লা দীর্ঘদিন ধরে জৈন্তাপুরের হাবিবনগর চা বাগানে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে অত্যন্ত নিষ্ঠাবান হিসেবে পরিচিত এই কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে বলে জানান।

ওসি সঞ্জয় চক্রবর্তী সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন "আমরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক রিপোর্ট তৈরি করেছি। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর