জাতীয় দলে সুযোগ পেয়েই মা থেকে পরামর্শ নিলেন সাকলাইন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ AM

জাতীয় দলে সুযোগ পেয়েই মা থেকে পরামর্শ নিলেন সাকলাইন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩/০৪/২০২৬ ০৮:৪০:৫৫ AM

জাতীয় দলে সুযোগ পেয়েই মা থেকে পরামর্শ নিলেন সাকলাইন


নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার আব্দুল গাফফার সাকলাইন। দল ঘোষণার পরপরই জাতীয় দলের অধিনায়ক লিটন দাস ফোন করে শুভেচ্ছা জানান এই তরুণ ক্রিকেটারকে।

সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকলাইন জানান, জাতীয় দলে ডাক পাওয়ার পর অধিনায়কের সঙ্গে তার কথা হয়েছে।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে ক্যাপ্টেন দাদা (লিটন দাস) ফোন করেছিলেন। উনার সাথে কথা হয়েছে। নির্বাচকও ফোন করেছিলেন, উনার সাথে কথা হয়েছে।’

দলে সুযোগ পাওয়ার খবরটি প্রথমেই পরিবারের সঙ্গে ভাগ করে নেন সাকলাইন। বিশেষ করে মায়ের সঙ্গে সেই মুহূর্তের কথোপকথন তার জন্য ছিল আবেগঘন।

তিনি বলেন, ‘যেহেতু আমার বাবা নেই, তাই আম্মুকেই প্রথম ফোন করেছিলাম। আম্মুর সাথে কথা হয়েছে। তারপরে ঢাকায় আমি যার বাসায় থাকি উনাদের সাথে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। আম্মু একটাই কথা বলছেন যে, বেশি এক্সাইটেড যাতে না থাকি। অনেক লম্বা (পথ) যেতে হবে। আর সুযোগ যেহেতু এসেছে, কাজে লাগানোর চেষ্টা করো। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা।’

জাতীয় দলে সুযোগ পেয়ে নিজের উন্নতির দিকেও নজর রাখছেন এই পেসার। বিশেষ করে অভিজ্ঞদের কাছ থেকে শেখার ব্যাপারে আগ্রহী তিনি। মোস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা হলে তার কাছ থেকে মূল্যবান পরামর্শ নিতে চান সাকলাইন।

এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই পরিকল্পনা আছে। দেখা হলে কথা বলব উনার (মোস্তাফিজ) সাথে। উনার অভিজ্ঞতাটা নেওয়ার চেষ্টা করব যতটুকু পারব। কঠিন পরিস্থিতিতে নিজেকে কীভাবে শান্ত রাখা যায়।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর