সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মার্কেটের কক্ষ থেকে আব্দুর রউফ (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইশহাকপুর গ্রামের ‘হাজি উস্তার গনি মার্কেট’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রউফ মৃত আয়াজ আলীর ছেলে। তার পৈতৃক বাড়ি শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা গ্রামে। তবে বর্তমানে তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে একা বসবাস করছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস ধরে ইশহাকপুর গ্রামের হাজি উস্তার গনি মার্কেটের একটি কক্ষে ভাড়া থাকতেন আব্দুর রউফ। সেখানে তিনি পরিত্যক্ত মালামাল (ভাঙারি) সংগ্রহ ও বিক্রির কাজ করতেন। গত শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলের পর থেকে স্থানীয়রা তাকে আর ঘরের বাইরে বের হতে দেখেননি।
রোববার দুপুর ১২টার দিকে আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা তাকে ডাকাডাকি করেন। তবে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের পেছনের ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে উঁকি দেন। এ সময় বিছানায় তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।
পরে স্থানীয়রা জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আব্দুর রাজ্জাক জানান, তার ভাইয়ের দুই সংসার মিলিয়ে দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। তবে স্ত্রী-সন্তানদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি কারও সঙ্গে থাকতেন না। দীর্ঘদিন ধরে একাকী জীবনযাপন করছিলেন। মৃত্যুর খবর পেয়ে তার বড় ছেলে স্বজনদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের ভাইয়ের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকের সিলেট/আই কে আর
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








