জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সিলেটের লালাবাজার ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংস্থাটির বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ, গাছপালার শাখা-প্রশাখা কর্তন এবং উন্নয়নমূলক কাজের জন্য সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ১১ কেভি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময়ে ফিডারের আওতাধীন নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও, সালামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও নির্ধারিত পুরো সময় বিদ্যুতের লাইনকে চালু আছে বলে গণ্য করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে, যাতে অসাবধানতাবশত কোনো দুর্ঘটনা না ঘটে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন। একই সঙ্গে উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
আজকের সিলেট/আই কে আর









