বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে গুজব ছড়ালে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে এসব তথ্যকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই তাঁকে নিয়ে দেশে ফিরব।
এর আগে গত ১০ এপ্রিল সিঙ্গাপুরে অবস্থানরত তাঁর একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি তখন বলেন, রোগী এখন অনেকটা সুস্থ। নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে এবং তিনি বেডে উঠে বসতে পারছেন ও অল্পস্বল্প কথা বলতে পারছেন—যা চিকিৎসকদের মতে ইতিবাচক লক্ষণ।
পরবর্তীতে গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। মিজানুর রহমান সোহেল তখন জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরবর্তী চিকিৎসা ও ফিজিওথেরাপির জন্য তাঁকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
তিনি জানান, বর্তমানে আগের তুলনায় মির্জা আব্বাস অনেকটাই সুস্থ হলেও সম্পূর্ণ শারীরিক সক্ষমতা ফিরে পেতে নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় চলছে।
গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রথমে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসাসংশ্লিষ্টরা। পরিবার তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত হন। তিনি বর্তমানে সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








