বর্ষায় গর্তে পানি-কাদা, বিশ্বনাথের সড়কে দুর্ভোগ চরমে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ AM

বর্ষায় গর্তে পানি-কাদা, বিশ্বনাথের সড়কে দুর্ভোগ চরমে

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৯:৫২:৩৩ AM

বর্ষায় গর্তে পানি-কাদা, বিশ্বনাথের সড়কে দুর্ভোগ চরমে


সিলেটের বিশ্বনা বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পাকা সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেগুলোতে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এসব সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রী ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি জমে কাদা তৈরি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিশ্বনাথ আরএইচডি কুরুয়া শাসরাম সড়ক, বিশ্বনাথ-হাবড়া-মাছুখালী, রামপাশা-আশুগঞ্জ বাজার-পনাউল্লা, রামপাশা-ভোলাগঞ্জ-প্রীতিগঞ্জ বাজার-লামাকাজী, কালীগঞ্জ-মনাইকান্দি-সৎপুর, কালীগঞ্জ-দাউদপুর-সমসপুর, পীরের বাজার-বাউসী-মাহবাজপুর, দশপাইকা-হাবড়া বাজার, রাজাগঞ্জ বাজার থেকে খাজাঞ্চি স্টেশন-মুফতির বাজার হয়ে কামাল বাজার এবং বৈরাগীবাজার-আমতৈল পিছের মুখ-নওধা-বৈরাগীগাঁও-জগদীশপুর সড়কসহ অন্তত ২০টি সড়কের বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়েছে।

এসব সড়কের গর্ত ও ভাঙাচোরা অংশ দিয়ে চলাচলের সময় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, রোগী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।

শিক্ষার্থী ফাতিমা, মাহিদ ও তানজিম আক্তার বলেন, সড়কগুলোর বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় প্রতিদিন যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানান তারা।

ট্রাকচালক বাবুল মিয়া বলেন, আগে যে রাস্তা দিয়ে এক ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো যেত, সড়কের বেহাল অবস্থার কারণে এখন সেখানে যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে। এতে শুধু সময়ের অপচয়ই হচ্ছে না, যানবাহনেরও বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে।

অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়া এক স্বজন শামীম আহমদ বলেন, বিশ্বনাথ-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের অবস্থা এতটাই খারাপ যে, অ্যাম্বুলেন্স চলার সময় প্রচণ্ড ঝাঁকুনি হয়। এতে গুরুতর অসুস্থ রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ার আশঙ্কা থাকে।

বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সড়কগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় ফাইল ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। দ্রুতই এসব সড়কের সংস্কারকাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. মামুন খান বলেন, বিশ্বনাথ উপজেলার বেশ কিছু সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকলেও যেসব সড়ক বেশি ক্ষতিগ্রস্ত, সেগুলোর সংস্কারকাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর