হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙনস্থল দেড় মাসেও পুরোপুরি মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যেই উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে যাওয়ায় রোববার সকালে ওই স্থানে ফের ভাঙন দেখা দিয়েছে। প্রবল স্রোতে পানি ঢুকে পড়ছে আশপাশের জনবসতিতে। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
রোববার সকাল পৌনে ১১টার দিকে কালীগঞ্জ এলাকায় বাঁধের মেরামত করা অংশে আবার ভাঙন শুরু হয়। এর আগের রাতে উজান এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে খোয়াই নদীতে পাহাড়ি ঢল নামে। এতে দ্রুত নদীর পানির উচ্চতা বেড়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, নদীর পানি যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন করে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কায় এলাকার মানুষের উদ্বেগও বাড়ছে।
এর আগে গত ৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে আশপাশের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছিল। পরে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সংস্কারের উদ্যোগ নিলেও প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। এরই মধ্যে উজানের ঢলের পানির চাপে মেরামতাধীন সেই অংশ আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির অতিরিক্ত চাপেই কালীগঞ্জের আগের ভাঙনস্থলে মেরামত করা অংশে পুনরায় ভাঙন দেখা দিয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
হবিগঞ্জ প্রতিনিধি 








