নব্বইয়ের দশকে ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহকে ঘিরে তৈরি হওয়া তুমুল উন্মাদনা, ভক্তদের আবেগ এবং সেই সময়ের নস্টালজিয়াকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর হওয়ায় তার দুদিন আগেই দর্শকদের সামনে সিনেমাটি নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।
এর আগে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’। নির্মাতা সূত্র জানিয়েছে, সিনেমাটির নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের আবহ ফুটিয়ে তোলার বিষয়টি সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের কাছেও প্রশংসিত হয়েছে।
নির্মাতা ইভান মল্লিক বলেন, সেন্সর বোর্ড থেকে সিনেমাটি আনকাট ছাড়পত্র পাওয়ার পাশাপাশি প্রশংসাও পেয়েছে। ফলে এতে বিতর্কিত কোনো বিষয় রাখা হয়নি। বরং সালমান শাহকে ঘিরে ভক্তদের ভালোবাসা, আবেগ ও উন্মাদনার পাশাপাশি নব্বইয়ের দশকের সেই সময়টাকে নতুন করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
‘লাভ ৯৬’-এর গল্পে ফিরে যাওয়া হয়েছে এমন এক সময়ের দিকে, যখন ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় অনুষ্ঠান দেখাই ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। বন্ধুরা মিলে চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখা, ভিউকার্ড সংগ্রহ কিংবা ক্যাসেট প্লেয়ার ও রেডিওতে গান শোনার মতো স্মৃতিগুলোও ছিল সেই সময়ের জীবনের অংশ। ঠিক সেই নস্টালজিয়াময় সময়েই ঢালিউডে আবির্ভাব ঘটে সালমান শাহর।
১৯৯৬ সালে তার আকস্মিক মৃত্যুর ঘটনা দেশজুড়ে তৈরি করেছিল গভীর শোক। প্রিয় নায়কের মৃত্যু মেনে নিতে না পেরে অনেক ভক্ত আত্মাহুতির পথও বেছে নিয়েছিলেন। সেই সময়ের আবেগ ও বাস্তবতার পটভূমিতে একজন অন্ধ সালমান শাহ ভক্তের জীবন, অনুভূতি ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করেই এগিয়েছে ‘লাভ ৯৬’-এর কাহিনি।
রাইসা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক মো. জসিম উদ্দিন। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে নতুন জুটি হিসেবে অভিষেক হচ্ছে আরিয়ান খান ও পূর্ণতার। সিনেমাটিতে তাদের পাশাপাশি অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








