সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৮ PM

সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ১১:৫৫:২২ AM

সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ইস্কফ সিরাপ, শাড়ি ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় সিন্দুরখান, মনতলা, তেলিয়াপাড়া ও সাতছড়ি বিওপির টহলদল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ২০ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। শনিবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে সিন্দুরখান বিওপির একটি টহলদল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুগলিয়া চা-বাগান এলাকায় অভিযান চালায়। সেখানে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি সন্দেহজনক বস্তায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন ১২১টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। একই দিন দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া বিওপির টহলদল তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের জন্য লুকিয়ে রাখা ২৬ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়।

অপরদিকে, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে আনা দুটি ভারতীয় গরু আটক করে।

এর আগে ২১ আগস্ট মাধবপুর উপজেলার রামনগর ও কমলপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায় ৫৫ বিজিবির মনতলা বিওপির টহলদল। ওই অভিযানে চোরাকারবারিদের গোপন স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদক, শাড়ি ও গরু সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে বিধি অনুযায়ী হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ বলছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের বিস্তার থেকে যুবসমাজকে রক্ষা ও দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে।

চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাহিনীটি। একই সঙ্গে সামাজিকভাবে চোরাচালানের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর