টাঙ্গুয়ার হাওর রক্ষায় প্রবেশপথে লাল নিশান, হাউসবোটে ৬ নির্দেশনা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২২ PM

টাঙ্গুয়ার হাওর রক্ষায় প্রবেশপথে লাল নিশান, হাউসবোটে ৬ নির্দেশনা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ১২:০৮:১৫ PM

টাঙ্গুয়ার হাওর রক্ষায় প্রবেশপথে লাল নিশান, হাউসবোটে ৬ নির্দেশনা


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) রক্ষায় ইঞ্জিনচালিত নৌযানের চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন প্রবেশপথে লাল নিশান টানিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি হাউসবোট মালিক ও পর্যটকদের সচেতন করতে ছয়টি নির্দেশনা সম্বলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হকের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের জয়পুর, গোলাবাড়ি ও রামসিংহপুর দাসপাড়া চ্যানেলের প্রবেশমুখে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। এসব চ্যানেল দিয়েই মধ্যনগর ও কলমাকান্দা থেকে বিভিন্ন ধরনের নৌযান টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, জয়পুর গোলাবাড়ি ভিসিজি কমিটির সাধারণ সম্পাদক আহমদ কবির, ইন্দ্রপুর ভিসিজি কমিটির সভাপতি অখিল তালুকদারসহ স্থানীয় হাওরপাড়ের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পর্যটক ও হাউসবোট মালিকদের জন্য জয়পুর ও গোলাবাড়ি এলাকায় স্থাপন করা বিলবোর্ডে হাওরের পরিবেশ রক্ষায় ছয়টি নির্দেশনা তুলে ধরা হয়েছে। নির্দেশনায় টাঙ্গুয়ার হাওরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার, মাইক এবং উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব হাউসবোটকে জয়পুর-গোলাবাড়ি সংলগ্ন এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। ওয়াচ টাওয়ারের আশপাশের এলাকা এবং কোর জোনে হাউসবোট কিংবা ট্রলার প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, টাঙ্গুয়ার হাওরে পাখি শিকার, পাখি কেনাবেচা কিংবা বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি হিজল, করচসহ হাওরের কোনো গাছপালা কাটা যাবে না। এসব বিধিনিষেধ অমান্য করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার (পুহাস) সভাপতি কাসমির রেজা বলেন, টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় পর্যটকবাহী হাউসবোটের প্রবেশ বন্ধে প্রশাসনের নেওয়া উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন। হাওরের পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার পাশাপাশি নৌযানের মালিক, শ্রমিক ও পর্যটকদের নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, টাঙ্গুয়ার হাওরে গুরুত্বপূর্ণ যেসব চ্যানেল দিয়ে নৌযান প্রবেশ করে, সেসব জায়গায় লাল নিশান দেওয়া হয়েছে। পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের করণীয় ও বিধিনিষেধ সহজে জানানোর জন্য বিলবোর্ডও স্থাপন করা হয়েছে। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এসব নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর