মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকা থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বাসায় একটি সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে বিষয়টি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে নাহিদ নামের একজন ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তারা দেখতে পান, সাপটি একটি শঙ্খিনী বা শাঁখামুটি (Banded Krait) প্রজাতির, যা অত্যন্ত বিষধর। পরবর্তীতে সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত শঙ্খিনী সাপটি পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে। মূলত এ প্রজাতির সাপকে আইইউসিএন (আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ) বাংলাদেশে বিপন্ন এবং বিশ্বে বিপদমুক্ত বলে বিবেচনা করে।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








