সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২৬
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৯ PM

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ১২:০০:৩৯ PM

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২৬


সিলেটে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই। ছুটির দিনেও হামে আক্রান্ত সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১২৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে জৈন্তাপুরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন। এছাড়া নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

নতুন রোগী ভর্তির পাশাপাশি বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহজনক ৩২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন রয়েছেন। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, বিয়ানীবাজারে ৪ জন, জকিগঞ্জে ১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ জন, জামালগঞ্জে ২ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত একদিনে সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৫ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে সিলেটে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

মৃত্যুর পরিসংখ্যানও পরিস্থিতির উদ্বেগজনক দিক তুলে ধরছে। এখন পর্যন্ত সন্দেহজনক হামে সিলেটে ৫৩ জন, হবিগঞ্জে ১৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৬ জন মারা গেছেন। অর্থাৎ সন্দেহজনক হামে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৩৬ জন।

অন্যদিকে নিশ্চিত হামে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক ও নিশ্চিত দুই হিসাব মিলিয়ে সিলেট বিভাগে হামে মৃত্যুর সংখ্যা এখন ১৪৬ জন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর