মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে হঠাৎ দেখা মিলেছে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগরের। গরুর অস্বাভাবিক চিৎকার ও ছোটাছুটির মধ্যে সাপটি খামার থেকে বাইরে বেরিয়ে এলে খবর দেওয়া হয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে। পরে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে এ ঘটনা ঘটে।
খামার মালিক জসীম উদ্দিন জানান, সকালে হঠাৎ তাঁর খামারে থাকা গরুগুলো অস্বাভাবিকভাবে চেচামেচি ও ছোটাছুটি শুরু করে। বিষয়টি কী কারণে হচ্ছে তা দেখতে খামারের ভেতরে গেলে তিনি একটি বড় আকৃতির অজগর দেখতে পান।
জসীম উদ্দিন বলেন, 'খামারের ভেতরে এত বড় একটি অজগর দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে গরুর চেচামেচি ও নড়াচড়ার কারণে সাপটি নিজে থেকেই খামারের ভেতর থেকে বাইরে চলে আসে।'
বিষয়টি ছড়িয়ে পড়ার পর খামারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে খামার মালিক বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, 'খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৮ ফুট লম্বা বিশাল আকারের অজগরটিকে নিরাপদে উদ্ধার করি। সাপটি অক্ষত ছিল। উদ্ধারের পর সেটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।'
পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। সাপটি সুস্থ থাকায় সেখান থেকে দুপুরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে বলে জানান বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক।
তিনি বলেন, উদ্ধারকৃত সাপটি আমাদের কাছে দেওয়া হয়েছে এবং সাপটি সুস্থ থাকায় দুপুরে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








