মৌলভীবাজারের রাজনগরে মো. আজিজুল মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক ফাহমিদা খাতুন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের দুই ভাই রুবেল মিয়া ও রুমান মিয়া। একই গ্রামের জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত আজিজুল মিয়া এলাকায় সালিশ বিচারক হিসেবে পরিচিত ছিলেন। ২০১৩ সালে একটি গ্রাম্য সালিশকে কেন্দ্র করে আসামিপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মিয়ার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী রাবেয়া বেগম রাজনগর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আদালত মামলাটির রায় ঘোষণা করেন।
এ মামলায় অভিযুক্ত আরও চারজনকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় খালাস দেওয়া হয়েছে।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবী ও স্বজনরা জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন এবং পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাবেন।
মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, প্রকৃত আসামিদের দণ্ড দেওয়ার মধ্য দিয়ে বাদীপক্ষসহ মানুষের আইনের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও বাড়বে। অপরাধ করলে আইনি সাজা থেকে রেহাই পাওয়া যায় না এ রায়ের মাধ্যমে অপরাধীরা সেই বার্তা পাবে। মামলার বাদীপক্ষও আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
আজকের সিলেট/ জেকেএস
মৌলভীবাজার প্রতিনিধি 








