কমলগঞ্জে ক্লাস চলাকালে শিক্ষিকার ঘুমানোর অভিযোগ, তদন্তের আশ্বাস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ PM

কমলগঞ্জে ক্লাস চলাকালে শিক্ষিকার ঘুমানোর অভিযোগ, তদন্তের আশ্বাস

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৬ ১০:০২:৩৭ AM

কমলগঞ্জে ক্লাস চলাকালে শিক্ষিকার ঘুমানোর অভিযোগ, তদন্তের আশ্বাস


মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় টেবিলে মাথা রেখে এক সহকারী শিক্ষিকার ঘুমিয়ে পড়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই ঘটনার ছবি ও ভিডিও স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

ঘটনাটি ঘটেছে উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গত রোববার (২০ সেপ্টেম্বর) শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নবনিতা সিনহা একটি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন বলে অভিযোগ করা হয়। এ সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা নিজেদের মতো অবস্থান করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন সাংবাদিক বিদ্যালয়ে গেলে বিষয়টি তাদের নজরে আসে। তারা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট শ্রেণিকক্ষের সামনে অবস্থান করেন। এ সময় শিক্ষার্থীদের হৈচৈ ও চিৎকারের একপর্যায়ে ওই শিক্ষিকার ঘুম ভাঙে বলে জানা গেছে।

বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্লাস চলাকালে এভাবে ঘুমানো উচিত হয়নি। তার ভাষ্য, শিক্ষিকা যখন ঘুমাচ্ছিলেন, তখন শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে চিৎকার-চেঁচামেচি করছিল। দীর্ঘ সময় তিনি ঘুমিয়ে ছিলেন বলেও দাবি করেন ওই শিক্ষিকা। তার মতে, পাঠদান চলার সময় একজন শিক্ষকের এভাবে ঘুমিয়ে পড়া স্বাভাবিক বিষয় নয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবকদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়। কয়েকজন অভিভাবক বলেন, শিশুদের নিয়মিত পাঠদান ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আশায় তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠান। শ্রেণিকক্ষে শিক্ষক ঘুমিয়ে পড়লে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হয়। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র কুমার সিংহ বিদ্যালয়ে ছিলেন না বলে জানা গেছে। তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যুৎ বিল দিতে তিনি আদমপুর বাজারে গিয়েছিলেন।

ক্লাস চলাকালে ঘুমিয়ে পড়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষিকা নবনিতা সিনহা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর বলেন, ক্লাসে ঘুমানোর কোনো নিয়ম নেই। কোনো শিক্ষক অসুস্থ হলে ছুটি নিতে পারেন। শারীরিকভাবে ভালো না লাগলেও প্রধান শিক্ষককে জানিয়ে ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু ওই শিক্ষিকা তা না করে ক্লাসে ঘুমিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, স্কুলে ক্লাস চলাকালে টেবিলে ঘুমানোর কোনো নিয়ম নেই। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ওই শিক্ষিকাকে ডেকে এনে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর