সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে দেশীয় জাতের একটি গাভীর গর্ভ থেকে শাহীওয়াল জাতীয় ষাঁড় বাছুরের জন্ম হয়েছে। বাছুরটির সামনের বাম পা অপুষ্ট ও নড়বড়ে হলেও বাকি তিনটি পা স্বাভাবিক রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে মধ্যনগর বাজারের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে পুরোহিতের গোয়ালঘরে বাছুরটির জন্ম হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ছয় বছর বয়সী দেশীয় জাতের গাভীটি বেশ দুধালো। এর আগে দুইবার বাছুর জন্ম দিয়েছে গাভীটি। ওই দুই বাছুরও কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম নেওয়া ষাঁড় বাছুর ছিল। তৃতীয়বারের বাছুরটিকে জন্মের পর শারীরিকভাবে সুস্থ ও স্বাভাবিক দেখা গেলেও সামনের বাম পা অপুষ্ট ও নড়বড়ে দেখা যায়।
গাভীটির মালিক অনন্ত গোস্বামী জানান, প্রতিবছরের মতো এবারও তিনি শাহীওয়াল জাতীয় কৃত্রিম প্রজননের জন্য হরিপুরের প্রান্ত সরকারের কাছ থেকে গবাদিপশুর সেবা নিয়েছেন। তবে কেন বাছুরটির এমন শারীরিক ত্রুটি হয়েছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
এ বিষয়ে ধর্মপাশা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মবিন হাই বলেন, জন্মগত ত্রুটির কারণে এমনটি হতে পারে।
দায়িত্বরত ভেটেরিনারি সার্জন মো. কবির বলেন, গাভীর গর্ভকালীন অপুষ্টি, টেরাটোজেনিক ড্রাগের ব্যবহার কিংবা জেনেটিক কারণে বাছুরের এমন সমস্যা দেখা দিতে পারে। বাছুরটিকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর যথাযথ পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি।
আজকের সিলেট/ জেকেএস
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে 








