ছবি : মো. সোহেল মিয়া
তেলের মূল্যবৃদ্ধির কারণে সরকার বাধ্য হয়ে আংশিক সমন্বয় করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তবে এর প্রভাব যাতে দ্রব্যমূল্যের ওপর যতটা সম্ভব কম পড়ে, সে জন্য সরবরাহ ব্যবস্থা আরও সুসংহত করার পাশাপাশি বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকার কাজ করছে বলে জানান তিনি।
শনিবার সকালে সিলেট ব্যবসায়ীদের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির প্রভাব যাতে দ্রব্যমূল্যের ওপর বেশি না পড়ে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সরবরাহ শৃঙ্খল যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এবং কোনো পর্যায়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ে, সে জন্য সরকার কাজ করছে।
আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, সবার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রেখে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সরকার এগিয়ে যেতে চায়।
আজকের সিলেট/এপি









