পরিকল্পনা নিয়ে এগোলে সিলেটে শিল্প স্থাপনে সরকারের সহযোগিতা: প্রবাসীকল্যাণ মন্ত্রী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ PM

পরিকল্পনা নিয়ে এগোলে সিলেটে শিল্প স্থাপনে সরকারের সহযোগিতা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৯/২০২৬ ০৬:২৩:৩৭ PM

পরিকল্পনা নিয়ে এগোলে সিলেটে শিল্প স্থাপনে সরকারের সহযোগিতা: প্রবাসীকল্যাণ মন্ত্রী


প্রবাসী অধ্যুষিত ও পর্যটনসমৃদ্ধ সিলেটে নতুন শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ব্যবসায়ীরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে শিল্প-কারখানা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শনিবার কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটে কোন কোন খাতে নতুন ব্যবসা ও শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে এবং সম্ভাবনাময় এসব খাত কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, তা ব্যবসায়ীদের সম্মিলিতভাবে চিহ্নিত করতে হবে। সম্ভাবনাময় খাতগুলো নির্ধারণ করে সুনির্দিষ্ট পরিকল্পনা করা গেলে তা বাস্তবায়নে সরকারের সহযোগিতা থাকবে।

ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে শুধু সভা-সমাবেশ যথেষ্ট নয় উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, এ জন্য দৃশ্যমান উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ীদের নিজেদের মধ্যেও সমন্বয় ও ঐক্য গড়ে তোলা প্রয়োজন।

ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ যথাযথভাবে তুলে ধরতে নির্বাচিত প্রতিনিধিত্বের মাধ্যমে সংগঠন পরিচালনা করা প্রয়োজন। ব্যবসায়ীদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নেতৃত্ব তৈরি হলে তাঁদের প্রকৃত স্বার্থ ও প্রত্যাশা আরও কার্যকরভাবে প্রতিফলিত হবে।

এ সময় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে কার্যকর ও প্রতিনিধিত্বশীল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কথাও তুলে ধরেন তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট রাজনৈতিক সম্প্রীতি, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহর। এ কারণে এখানে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে। নতুন ব্যবসা ও শিল্প স্থাপনের পাশাপাশি বিভিন্ন মেলা ও বাণিজ্যিক আয়োজনেও সুশৃঙ্খল ও সমন্বিত ব্যবস্থা প্রয়োজন।

বিভিন্ন আয়োজনের ক্ষেত্রে সমন্বয় না থাকলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সমন্বয়ের মাধ্যমে সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলার মধ্যে এসব কার্যক্রম পরিচালনা করা উচিত।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সমাজকর্মী ও নারী উদ্যোক্তা শামা হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি নেতা আবদুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচনসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও অতিথিরা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর