জয়শঙ্করের সঙ্গে বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সাক্ষাৎ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ PM

জয়শঙ্করের সঙ্গে বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৯:০৯:৪৩ AM

জয়শঙ্করের সঙ্গে বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সাক্ষাৎ


নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। রোববার (৪ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাক্ষাতের ছবি প্রকাশ করেন এস জয়শঙ্কর। সেখানে তিনি বাংলাদেশের বিদায়ী হাইকমিশনারকে অভ্যর্থনা জানাতে পেরে আনন্দিত হওয়ার কথা জানান এবং বৈঠকটিকে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে রিয়াজ হামিদুল্লাহর অবদানের জন্য তাকে অভিনন্দনও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

একই বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে রিয়াজ হামিদুল্লাহ লিখেছেন, ‘রাষ্ট্রদূত হিসেবে ১৮ মাসের কার্যকালে বাংলাদেশ-ভারত সম্পর্ককে নীরবে ও ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যার ভিত্তি ছিল পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থ।’

কূটনীতির ‘চিরাচরিত পথে না হেঁটে’ দুই দেশের মানুষের মধ্যকার নাড়ির টানকে স্পর্শ করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

দিল্লিতে ১৮ মাসের দায়িত্ব শেষে রিয়াজ হামিদুল্লাহ জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। সম্প্রতি তার নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ভারত সরকার।

এদিকে গত দুই বছরে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা টানাপোড়েন দেখা গেছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতি ঘটে।

এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা অনেকদূর এগিয়েছিল। তবে শেষ পর্যন্ত সফরটি বাস্তবায়িত হয়নি। যদিও সফর আয়োজনের বিষয়ে দুই সরকারের মধ্যে এখনো আলোচনা চলছে বলে জানা যাচ্ছে।

দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর ইঙ্গিত, ছুটির দিন রোববার দুপুরে বাংলাদেশের হাইকমিশনার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটি কেবল ‘বিদায়ী সৌজন্য সাক্ষাতের’ মধ্যে সীমাবদ্ধ ছিল না। সম্পর্কের জটিল বিভিন্ন দিক নিয়েও বৈঠকে দুই পক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর