শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ PM

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৯:২৩:৪৯ AM

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ


শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিলেটের সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন। রোববার (৪ অক্টোবর) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান।

আক্তারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই অধ্যক্ষ সাইদা ইয়াসমিন পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা স্বরূপা আক্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকাল থেকেই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ সাইদা ইয়াসমিন প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তাঁর আচরণের কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপে থাকতেন বলেও অভিযোগ করেন তারা।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফজাল আহমদ বলেন, সম্প্রতি তাঁরসহ কয়েকজন শিক্ষার্থীর নাইট ডিউটি ছিল। এ কারণে পরীক্ষার সময় পরিবর্তনের জন্য তারা অধ্যক্ষের কাছে আবেদন করেছিলেন। তবে সেই আবেদন প্রত্যাখ্যানের পাশাপাশি অধ্যক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অধ্যক্ষ সাইদা ইয়াসমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর