একটি বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে যে পরিমাণ আলোচনা-সমালোচনা হয়েছিল, তা এখনও অবাক করে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে। এমনকি বিষয়টি নিয়ে নিউজ চ্যানেলে ঘণ্টার পর ঘণ্টা প্যানেল আলোচনা হওয়ায় রীতিমতো হতবাক হয়েছিলেন তিনি।
সম্প্রতি কারিনা কাপুর খানের জনপ্রিয় টকশো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এর ট্রেলারে সেই বিতর্কের প্রসঙ্গ তোলেন কৃতি। সেখানে তিনি জানান, নিজের পোশাককে কেন্দ্র করে টেলিভিশনে এমন আলোচনা শুরু হবে, তা তিনি কল্পনাও করেননি।
চলতি বছরের শুরুতে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে ডিপ নেকলাইনের ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ ও স্কার্টে দেখা যায় কৃতিকে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। নেটিজেনদের একাংশের অভিযোগ ছিল, রাখি বন্ধন উৎসবের মতো দিনে এ ধরনের খোলামেলা পোশাক ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিতর্কের মধ্যে অভিনেত্রী কঙ্গনা রানাউতও কৃতিকে কটাক্ষ করেন। তিনি লেখেন, ‘নিজের ভাইকে রাখি পরানোর সময় কেউ কেন বিকিনি বা অন্তর্বাস পরবে? এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা অদ্ভুত প্রচার।’
কারিনার অনুষ্ঠানে সেই প্রসঙ্গ স্মরণ করে কৃতি হাসতে হাসতে বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না যে, আমার পরা ব্লাউজ নিয়ে নিউজ চ্যানেলে রাতারাতি ছয়জনের প্যানেল নিয়ে লাইভ আলোচনা শুরু হয়ে গেছে।’ তাঁর কথার পর কারিনাও সহমর্মিতা জানিয়ে বলেন, ‘আমি জানি।’
তবে সমালোচনার মুখে নীরব থাকেননি কৃতি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রশ্ন তুলেছিলেন, অন্য একজন নারী কী পোশাক পরবেন, তা নিয়ে মানুষের এত মাথাব্যথা কেন। তাঁর বক্তব্য ছিল, তিনি যখন নিজের ভাইকে রাখি পরিয়েছেন এবং এতে তাঁর নিজের কোনো আপত্তি নেই, তখন অন্যদের এত সমস্যা কেন।
কৃতি আরও বলেছিলেন, উৎসবের পবিত্রতা পোশাকে নয়, বরং আবেগে থাকে। পরে বোনের সঙ্গে রাখি উদযাপনের একটি ছবি প্রকাশ করে সমালোচকদের ‘রাখি ফ্যাশন কমিটি’ বলেও কটাক্ষ করেন তিনি।
টকশোর ট্রেলারের শেষদিকে কারিনা জানতে চান, ‘আসলে নারীরা কী চায়?’ জবাবে কৃতি বলেন, ‘নারীরা চায় যেন তাদেরকে অহেতুক বিচার করা বন্ধ করা হোক, আর মানুষ যেন নিজের চরকায় তেল দেয়।’
এদিকে, কৃতিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। হোমি আদাজানিয়া পরিচালিত এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








