সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। অনলাইনে ছড়িয়ে পড়া এসব কনটেন্ট সরিয়ে ফেলা এবং নিজের ব্যক্তিসত্তার অধিকার রক্ষার দাবিতে দিল্লি হাই কোর্টে মামলা করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দায়ের করা মামলার শুনানিতে কঙ্গনার আইনজীবী তাঁর সম্পর্কে প্রচারিত যৌন হেনস্থামূলক ভিডিও, আপত্তিকর পোস্ট, ভুয়া খবর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিষয়টি আদালতে তুলে ধরেন। এসব উপাদান তাঁর সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ব্যক্তিসত্তার অধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করা হয়েছে।
কঙ্গনার দাবি, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তাঁর পরিচয় ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এ কারণে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়া আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট অপসারণের পাশাপাশি নিজের ব্যক্তিসত্তার অধিকার সুরক্ষায় আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
অনলাইনে ছবি, পরিচয় ও ব্যক্তিসত্তার অপব্যবহার ঠেকাতে আদালতের শরণাপন্ন হওয়া তারকাদের তালিকায় কঙ্গনাই প্রথম নন। এর আগে একই ধরনের বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন, সালমান খান এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণ।
কাজের ক্ষেত্রে কঙ্গনা রানাউতকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে। গত জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








