শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

জৈন্তাপুরে মাদকের বড় চালান জব্দ, আটক ৩

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৫:৪১:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে মাদকের বড় চালান জব্দ, আটক ৩


জৈন্তাপুরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুর-তামাবিল মহাসড়কের হরিপুরে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁর পোরশা উপজেলার শিষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশিপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।

পুলিশ জানায়,জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক এসআই শওকত মাহমুদের নেতৃত্বে  এএসআই জিয়া, এএসআই রহুল আমিনসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। ট্রাকের ওপর কলাপাতার নিচে কৌশলে লুকিয়ে মাদকদ্রব্যগুলো পাচার করা হচ্ছিল।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২১৬ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৮ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৭১ নম্বরের ট্রাকটির আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা এবং নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, হরিপুর পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর