মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জালে আটকে পড়া একটি অজগর এবং বসতঘরের পাশ থেকে একটি বিরল শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ও রাতে পৃথক দুটি স্থান থেকে সাপগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে শ্রীমঙ্গলের পূর্ব নওয়াগাঁও এলাকায় রাস্তার পাশে জালে আটকে থাকা একটি অজগর সাপ দেখতে পান সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান। পরে তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় জাল কেটে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তাঁরা।
একই দিন রাত আটটার দিকে শ্রীমঙ্গলের রামনগর মণিপুরি পাড়ায় খলিলুর রহমানের বসতঘরের পাশে আরেকটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। সাপটি দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি শনাক্ত করেন। এটি শঙ্খিনী, একটি বিরল ও বাংলাদেশে বিপন্ন প্রজাতির সাপ। পরে অজগর ও শঙ্খিনী দুটিকেই অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, শঙ্খিনীর বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। তবে স্বভাবে লাজুক হওয়ায় লোকালয়ে এই সাপের দেখা সাধারণত মেলে না।
তিনি জানান, উদ্ধার করা সাপ দুটি পরে বনে অবমুক্ত করা হবে।
আজকের সিলেট/ জেকেএস
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








