সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৩১৯টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আব্দুল কাইয়ুম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।
শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মোগলাবাজার থানার এসআই (নিরস্ত্র) আতিকুর রহমান রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানাধীন ৮ নম্বর মোগলাবাজার ইউনিয়নের মাহমুদাবাদ এলাকায় জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা যাত্রী ছাউনির সামনে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ঢাকা মেট্রো-ন-২০-৬৯০১ নম্বরের গাড়ি থেকে ৩১৯টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
আটক আব্দুল কাইয়ুম (৩০) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দক্ষিণ কলাগাছিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি-সিটিএসবি (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









