সিলেটের বিয়ানীবাজারে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর এককালীন উপহার হিসেবে এক লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকার জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দিতো, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কষ্টের কথা বিবেচনা করে সেই অনুদানের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে ১ লাখ টাকায় উন্নীত করেছেন। বর্তমান সরকার সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং মানুষের মৌলিক অধিকার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল আম্বিয়া আলাউলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুসেন আহমদ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার পৌরসভার উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে ৬টি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক উম্মে হাবিবা মজুমদার, জেলা বিএনপি নেতা সিদ্দিক আহমদ, আবু নাসের পিন্টু, এনাম উদ্দিন, মহানগর যুবদল নেতা জাহিদ হাসান, পৌর বিএনপি নেতা তাজ উদ্দিন কুটি, উপজেলা যুবদল নেতা দৌলা হোসেন সুভাষ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমদসহ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
আজকের সিলেট/ জেকেএস
বিয়ানীবাজার প্রতিনিধি 








