রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে মাদ্রাসা সভাপতি হতে মরিয়া আব্দুর রব মল্লিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৬:৩১:২৯ অপরাহ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে মাদ্রাসা সভাপতি হতে মরিয়া আব্দুর রব মল্লিক


বালাগঞ্জ উপজেলার চান্দাইরপাড়া সুন্নীয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসার কমিটি গঠন নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সব শেষে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিতর্ক রাজনৈতিক দল তৃণমূল বিএনপি (শমসেরের মবিন-তৈমুর খন্দকার) থেকে সিলেট ২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুর রব মল্লিককে সভাপতি করার তোড়জোড় নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনটি হলে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিও হতে পারে।

জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিকে ভেঙ্গে দিয়ে বিভক্ত করার মিশন নিয়ে নাজমুল হুদা কর্তৃক প্রতিষ্ঠিত ও বর্তমানে শমসেরের মবিন চৌধুরী ও তৌমুর আলম খন্দকারের নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি প্রার্থী হিসেবে আমি-ডামির বিতর্কিত নির্বাচনে সিলেট ২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা বিতর্কিত আব্দুর রব মল্লিককে প্রতিষ্ঠানটির সভাপতি বানাতে মাদ্রাসা অধ্যক্ষ সরওয়ারে জাহানের নেতৃত্বে একটি পক্ষ তোড়জোড় শুরু করেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাদ্রাসাটির অধ্যক্ষ নিজেকে রক্ষা করতে আব্দুর রব মল্লিককের নাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রস্তাব করেছেন বলে প্রচারণা চালাচ্ছে। প্রকৃতপক্ষে, কমিটি গঠন সংক্রান্ত মাদ্রাসার দুই সভার কোনটিতেই আব্দুর রব মল্লিককে নাম কেউ প্রস্তাব করেন নি। কিন্তু স্থানীয় একটি চক্রের সাথে আতাত করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তাকে সভাপতি বানাতে দৌড়ঝাপ শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানা, মাদ্রাসার পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে আব্দুর রব মল্লিক নিজেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মহলে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এ ক্ষেত্রে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান আড়াল থেকে তাকে ইন্ধন জোগাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। ইতিমধ্যে মাদ্রাসার বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আব্দুর রব মল্লিক ও তার কথিত রাজনৈতিক অনুসারীদের প্রভাব বিস্তার এবং বিরোধের ঘটনা ঘটছে। এসব বিরোধ কখনো বাকবিতণ্ডা, আবার কখনো সংঘর্ষে রূপ নিতে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে মাদ্রাসার পরিচালনা কমিটিতে কতিত আমি-ডামির নির্বাচনের এই প্রার্থীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়েও নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমি-ডামির নির্বাচনকে বৈধতা দিতে নির্বাচনে বিতর্কিত দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই ব্যাক্তি এবার সামাজিক ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন আর তাকে সহযোগিতা করছে স্থানীয় একটি প্রভাবশালী সুবিধাবাদী চক্র।

সবশেষ জানা গেছে, গত ২২ নভেম্বর মাদ্রাসার সভায় এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহানের স্বাক্ষরিত একটি প্রস্তাবিত কমিটি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। এখন সেই কমিটিকে পাস কাটিয়ে অন্য একটি বিতর্কিত কমিটি তৈরি করে জমা দেয়ার প্রস্তুতি চলছে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিচয়, প্রভাব বিস্তার এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ ওঠায় মাদ্রাসাটির স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব নয়, বরং যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা কমিটি গঠন করতে হবে।

কমিটির বিষয়ে জানতে চাইলে চান্দাইরপাড়া সুন্নীয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহানের বলেন, জেলা শিক্ষা অফিস থেকে আমাদের এমন তালিকা দেয়ার জন্য বলা হয়েছে। আমরা তালিকা করে দিয়েছি। তা ছাড়া আমার আর কিছু জানা নেই।

বিষয়টি নিয়ে জানতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ও কমিটি গঠনের সাথে সরাসরি সম্পৃক্ত স্থানীয় সরকার বলে বিভাগের উপ উপপরিচালক মাহমুদা সুলতানার মেবাইল ফোনে একাধিকবার কল করলেও তারা কল রিসিভ করেন নি।

বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য নেয়া সম্ভব না হলেও প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন যে, তিনি এরকম কোন বিতর্কিত ব্যাক্তির পক্ষে সুপারিশ করার কথা নয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর