এসএমপির জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের দখড়ি গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত তাজুল ইসলাম (৪০) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি সিলেট সদর উপজেলার দখড়ি গ্রামের উস্তার আলীর পুত্র। নিহত তাজুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে শহীদ আজমান আলীর ভাতিজা।
শুক্রবার ভোররাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার সন্ধ্যা ৬টার দিকে তাজুলসহ পরিবারের চার সদস্যকে কুপিয়ে জগম করে প্রতিপক্ষের লোকজন।
নিহতের চাচা আজবর আলী জানান, স্থানীয় একটি চক্র মুক্তিযুদ্ধে শহীদ আজমান আলীর পরিবারের বেশ কিছু জমি জবরদখল করে রাখে। সম্প্রতি আরও কিছু জমিজমা দখলে নেয়ার চেষ্টা করছে। এর জের ধরে গত রোববার ইফতারের ঠিক আগ মূহুর্তে আজবর আলীর উপর সাজিদ আলীর নেতৃত্বে মাখন, দুদু, আমীরসহ কয়েকজ হামলা চালায়। এসময় আজবর আলীকে বাঁচাতে তার পুত্র জামাল ও তার ভাতিজা তাজুল ইসলাম এগিয়ে এলে তাদেরকেও গুরুতর আহত করে। এরমধ্যে তাজুলের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তাকে প্রথমে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে যাওয়া যায়নি। সর্বশেষ সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজুল ইসলাম মারা যান।
নিহত তাজুল ইসলামের স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলে রয়েছেন। তাজুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জালালাবাদ থানায় আজবর আলীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার নং ৫ (০৩/০৪/২০২৪)।
নিহতের ছোট ভাই নজরুল ইসলাম জানান, তিনি দুবাই ছিলেন। সাজিদ বাহিনীর হামলায় বড় ভাই গুরুতর আহত হওয়ার খবর পেয়ে দেশে আসেন। মুলত আমাদের জমি জমা দখল করে রেখেছে এই বাহিনী। আরো জমি জমা দখলের চেষ্টা করছে তারা। এর অংশ হিসেবে তারা তাজুল ইসলামকে হত্যা করে।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ৪/৫দিন আগে মারামারির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে একজন মারাগেছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত তাজুল শহীদ পরিবারের সন্তান কিনা জানা নেই, তিনি আসামি ধরতে সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, আজমান আলী অবিবাহিত অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সুনামগঞ্জে সীমান্তে সম্মুখ যুদ্ধে শহীদ হন। কয়েক বছর আগে কবর সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দখড়ি গ্রামে তার গ্রামে কবর স্থনান্তর করা হয়। নিহত তাজুল ইসলাম সেই শহীদ আজমান আলীর আপন ভাতিজা।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








