জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছে জাতীয় পার্টি।
রোববার রাতে জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ইয়াহইয়া চৌধুরীকে পার্টির ভাইস চেয়ারম্যান পদসহ দলীয় সব পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
এরআগে দুপুরে রোববার রাজধানীতে দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণকারী পার্টির প্রার্থীদের এক বিশেষ সভায় দলের চেয়ারম্যানের সমালোচনা করেন ইয়াহইয়া চৌধুরী। এসময় ইয়াহিয়া চৌধুরী পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিভিন্ন অনিয়ম ও স্বেরাচারীতার কঠোর সমালোচনা করে বক্তব্য প্রদান করেন।
বিশেষ সভায় সিলেট- ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী বলেন, 'লজ্জাজনক পরাজয়ের পরও কোনো কর্মসূচি দেয়া হয়নি। জিএম কাদেরের স্ত্রীর কি অবদান দলে? আগে দলের গণতন্ত্র পরে দেশের। পরিবারতন্ত্র চলছে জাপায়। দলের জন্য কিছু করেননি তিনি। ২০১৮ এর নির্বাচনে রওশন এরশাদ টাকা দিয়েছেন প্রার্থীদের। তিনি সমঝোতা করে অনেক আসন এনেছিলেন। আপনি সমঝোতাতেও ব্যর্থ, নির্বাচনেও।'
ধারণা করা হচ্ছে, তাঁর বক্তব্যের কয়েকঘণ্টার মধ্যেই এই করনে জাতীয় পার্টি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








