ফাইল ছবি
সিলেটে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে মাঠে নেমেছে শাসকদলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। আন্দোলনের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি পালন করছে তারা।
এদিকে সিলেটে কোটা সংস্কারের এক দফা আন্দোলনে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের এই আন্দোলনে সর্তক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর বিপরীতে জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসার জন্য শিক্ষার্থীদের আহবান জানিয়ে মিছিল করেছে সিলেট জেলা ছাত্রলীগ।
জানা গেছে, নবম দিনের মতো বৃহস্পতিবার (১১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শাবির শিক্ষার্থীরা।
শাবি শিক্ষার্থীদের এই আন্দোলনে সর্তক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) সদস্যদের মাঠে অবস্থান নিতে দেখা গেছে।
এর আগে কোটা সংস্কার দাবিতে শাবি শিক্ষার্থীরা বুধবার (১০ জুলাই) প্রায় পাঁচ ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে বিকেল সোয়া ৫টায় সড়ক অবরোধ ছাড়েন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে আন্দোলনকারীদের ক্লাস-পরীক্ষায় ফিরে আসার আহবান জানিয়ে এমসি কলেজ ও
সিলেট সরকারী কলেজ ক্যাম্পাসে মিছিল করে সিলেট জেলা ছাত্রলীগ।
আজকের সিলেট/বার্তা/কে.আর









