হবিগঞ্জের বাহুবলে স্কুল থেকে বাড়ি ফেরা হল না স্কুল ছাত্র সিজান মিয়ার (১২)। ঢাকা গামী ইউনিক পরিবহনের যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬১) কেড়ে নিল তার তাজা প্রাণ।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার তিতারকোনা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত জনতা প্রায় দেড় ঘন্টাঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। মহাসড়ক অবরোধের ফলে উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। নিহত স্কুল ছাত্র মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের কবির মিয়ার ছেলে। সে স্থানীয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিজান বাইসাইকেল নিয়ে মহাসড়কের তিতারকোনা পয়েন্টে আসা মাত্রই বেপরোয়া গতিতে উলল্টো দিক থেকে আসা ঢাকাগামী ইউনিক পরিবহন একটি যাত্রঅবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে বাহুবল থানার একদল পুলিশ ঘটনা স্থলে আসে।এ সময় জনতার উত্তেজনা বাড়ায় বাহুবল থানার এএসপি আবুল খায়ের, ওসি মসিউর রহমান এবং হাইওয়ে ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করেন। নিহত সিজান কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাহুবলে নিয়ে যাওয়া হয়েছে।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আিইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি 








