গোলাপগঞ্জে সম্প্রীতির অনন্য নজির স্থাপন করলো স্থানীয়রা। মঙ্গলবার টানা ৩৬ দিনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার ইতি টেনে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা।
শেখ হাসিনার দেশত্যাগের পর সারাদেশের বিজয় উল্লাসের পাশাপাশি শুরু হয় দূর্বৃত্তদের হামলা। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামীলীগ নেতাদের হত্যা, বাড়িঘর ও মন্দির, দোকানপাট ভাংচুর করে লুটপাট শুরু করে দূর্বৃত্তরা।
তবে ভিন্ন চিত্র দেখা যায় সিলেটের গোলাপগঞ্জে। ছোট ছোট অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া দোকানপাট, সারা সিলেটের মতো মন্দিরে কোন ধরণের হামলার ঘটনা পাওয়া যায়নি। এমনকি আওয়ামীলীগের কোন নেতাকর্মীর বাড়িতে হামলার ঘটনার খবর পাওয়া যায়নি।
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার সময় স্থানীয় নেতাকর্মীদের অতিরঞ্জনের কারণে বিরোধীদলীয় নেতাদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগ থাকলেও, ক্ষমতা হারানোর পর অনেকটাই নিরাপদ রয়েছেন গোলাপগঞ্জের আওয়ামীলীগ সমর্থকেরা।
সরেজমিনে উপজেলার বাঘা ইউনিয়ন, ঢাকাদক্ষিণ, লক্ষণাবন্দ ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে খোঁজ নিয়ে দেখা যায়, সরকার পতনের পর স্থানীয় আওয়ামীলীগের অনেক নেতা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, আবার কেউ কেউ নিজ বাড়িতেই অবস্থান করছেন। তবে পালিয়ে যাওয়া নেতাদের বাড়ি ঘরে হামলার কোন ঘটনা ঘটেনি।
স্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতার সাথে যোগাযোগ করলে তারা নিরাপদে আছেন বলেও জানিয়েছেন।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
সৈয়দ রাসেল আহমদ 








