মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুপুত্রকে পানিতে চুবিয়ে মারার অভিযোগ উঠেছে মানসিক ভারসাম্যহীন এক মায়ের বিরুদ্ধে। নিহত দুই শিশু উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামের প্রবাসী বাচ্চু মিয়ার সন্তান।
শনিবার গভীর রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এই ঘটনা।
স্থানীয়রা জানান, প্রবাসী বাচ্চু মিয়ার মানসিক ভারসাম্যহীন স্ত্রী রীমা বেগমকে রাতে ঘরে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পেছনের পুকুরে গিয়ে দেখেন ৪ বছর বয়সী ছেলে দুটিকে পানিতে চুবাচ্ছে। এসময় স্বামী তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে বাচ্চু তার স্ত্রী রিমা ও সন্তানদের ঘরে দেখতে পান না। ওই সময় ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাইরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার সন্তানদের মরদেহ দেখতে পান। পরে সকাল ৬টার দিকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত বলে জানান।
কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যমজ সন্তানের মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মা তার সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন, তবে কেন হত্যা করেছেন তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
রীমা বেগম মানসিক ভারসাম্যহীন কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এটা এলাকার লোকজন বলেছে।আমাদের কাছে মনে হয়নি।
আজকের সিলেট/ডি/এসটি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








