ফ্যামিলি কার্ড শুমারির মাঠপর্যায়ে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রমে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকারের পদত্যাগ ও অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
মঙ্গলবার দিরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি সমাপ্ত ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে নিয়মনীতি উপেক্ষা করে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া বলেন, “ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন ছিল। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করছি।”
অবস্থান কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ এবং বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
অভিযোগের বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
অবস্থান কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান সাজু, সদস্য সচিব তানবির চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








