জৈন্তাপুরে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মামলা, তদন্ত কমিটি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৮ PM

জৈন্তাপুরে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মামলা, তদন্ত কমিটি

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১১:১৪:৩৪ AM

জৈন্তাপুরে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মামলা, তদন্ত কমিটি


জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ নেতা-কর্মীর মৃতুকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার রাতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন।

জৈন্তাপুর মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে হাসপাতাল ভাঙচুরের ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি পরিদর্শন দল গঠন করেছে।  অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামের নেতৃত্বে এ প্রতিনিধি দল রোববার হাসপাতাল পরিদর্শন করবে বলে জানা গেছে।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালাহউদ্দিন বলেন, শুক্রবার রাতে হামলা ও ভাঙচুরের সময় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক হিল্লোল সাহা এবং স্টাফ আব্দুস সাত্তারকে মারধর করা হয়। ঘটনার সময় জরুরি বিভাগে চিকিৎসক ডিউটিতে ছিলেন। প্রথমে দুজনকে নিয়ে আসা হয়েছিল; এর ১৫ মিনিট পর আরও দুজনকে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সে সময় তাদের ইসিজিও করা হয়েছিল। পরে স্থানীয়রা নিহতদের সিলেটে নিয়ে যাওয়ার কথা বলে হাসপাতালের অ্যাম্বুলেন্স চেয়েছিলেন; কিন্তু চালক না থাকায় তা দেওয়া সম্ভব হয়নি। এতে তারা উত্তেজিত হয়ে প্রথমে হাসপাতালের নিচতলা ও স্টাফ কোয়ার্টারে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় একটি সরকারি জিপে আগুন ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়; এতে প্রায় ৯০ লাখ থেকে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর