সিলেটে গত দুদিন থেকে কমেছে শীতের তীব্রতা তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আরো কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
সিলেটের আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের সিলেট অফিস।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব জানিয়েছেন, আগামী বুধবার ও বৃহস্পতিবার সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহের আওতা কমেছে। আগামী কয়েকদিনও বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ ক্রমে দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের দু-এক জায়গায় এবং বুধবার সিলেট, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। ওইদিনও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আজকের সিলেট/পিএ
আহমেদ পাবেল 








