তামিমের আলো কেড়ে নিলো সোহান
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৫ PM

তামিমের আলো কেড়ে নিলো সোহান

মিজান মোহাম্মদ

প্রকাশিত: ০৯/০১/২০২৫ ০৬:৪১:০৩ AM

তামিমের আলো কেড়ে নিলো সোহান


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল একাদশ আসরের ১৩ তম ম্যাচে রংপুরের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বরিশাল। নুরুল হাসান সোহানের দলের বিপক্ষে মাঠে নামার আগে এই সংস্করণে তামিমের পাশে ছিল সাত হাজার ৯৯১ রান।

ইনিংসের শুরুতে স্বভাব বিরুদ্ধ স্লো ভাবে ব্যাট শুরু করেন তামিম। প্রথম ১৩ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। অবশেষে শেখ মাহেদির করা ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলটি গড়িয়ে সীমানা ছাড়া করেন তামিম। সেই সঙ্গে আট হাজার রানের ক্লাবে পৌঁছে যান। সব মিলিয়ে বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ফলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে আট হাজারি রানের ক্লাবে পা রাখেন তামিম ইকবাল খান। ম্যাচের প্রথমার্ধের সকল ফ্লাশের আলো চলে তামিম ইকবালের উপর। এ ম্যাচে সাজঘরে ফেরার আগে তিনি ২ ছয় ও ৪ চারে সংগ্রহ করেন ৩৪ বলে ৪০ রান।

একই ম্যাচের দ্বিতীয় ইনিংসের শেষদিকে ১৮ তম ওভারে পর পর ৩ বলে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে রংপুর। এতে জয়ের জন্য শেষ ওভারে রংপুরের সামনে ২৬ রানের সমীকরণ ছিল। অধিনায়ক সোহান স্ট্রাইকে ছিলেন। মায়ার্সের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর আভাস দেন সোহান। এরপর আবারো বাউন্ডারি হাঁকান তিনি। পরের দুই বলে আরো ১০ রান নেন উইকেটকিপার এই ব্যাটার। এরপর চার হাঁকিয়ে ১ বলে ২ রানে সমীকরণ আনেন সোহান। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিনি। শেষমেশ ৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন সোহান।

নুরুল হাসান সোহানের বীরোচিত ইনিংসে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় পায় রংপুর রাইডার্স। সেই সাথে তুলে নেয় চলতি আসরে টানা ষষ্ঠ জয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর