জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে সিলেট জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এনসিপি গতকাল সিলেট নগরের একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুইপক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন লিডিং ইউনিভার্সিটির ছাত্র মাহবুবুর রহমান শান্ত। এই ঘটনায় ভুক্তভোগী আইনি প্রতিকার পাওয়ার জন্য মহানগরীর শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন।
শাহপরান (রহ.) থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান শান্ত নামের একজন মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে রোববার সকালে আক্তার নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার তিন নম্বর আসামি। আক্তার ছাড়াও মামলায় আরও একাধিক এজাহার নামীয় আসামি রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








