ঢাকা থেকে উড্ডয়ন করা তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন ধরার ঘটনা ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট উড়োজাহাজটি জরুরি অবতরণ করেন। উড়োজাহাজটিতে ২৯০ জন যাত্রী ছিলেন।
মঙ্গলবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রপ্ত তথ্য অনুযায়ী, প্লেনটি উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝে প্লেনটি জরুরি অবতরণ করাতে সক্ষম হন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, তার্কিশ এয়ারলাইন্সের টিকে৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় পাইলট এর একটি ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এ অবস্থায় প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করেন।
বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের উড়োজাহাজ থেকে অফলোড করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








